
ফজলু নামের পেনশন অফিসের তৃতীয় শ্রেণির এক অসৎ কর্মচারী এবং তার পরিণতির গল্প নিয়ে তৈরি হয়েছিল নাটক ‘কাঁটা’। ২০২৪ সালে প্রচারিত হয়েছিল বঙ্গতে। এবার আসছে নাটকটির সিকুয়েল। ১৫ জানুয়ারি বঙ্গতে মুক্তি পাবে রিয়াদ মাহমুদ রচিত ও পরিচালিত ‘কাঁটা ২’। কমেডি ঘরানার এ নাটকের মূল চরিত্রে অভিনয় করেছেন শরাফ আহমেদ জীবন।
কাঁটা ২-এর গল্পে দেখা যাবে, এক বিশেষ ঘটনার পর ফজলু ভালো হয়ে গেছে। ঘুষ নেওয়া ছেড়ে দিয়েছে। ফজলু হঠাৎ সৎ হয়ে ওঠায় অফিসের ‘সিস্টেম’ ও পরিবার—দুই দিকেই চাপে পড়ে যায় সে। ঘুষের টাকা ব্যাংকে থাকলেও সেই টাকা ব্যবহার না করায় অভাবে পড়তে হয় পরিবারকে।
সৎ হওয়ার পর ফজলু বুঝতে পারে, এখন সে নিজেই সিস্টেমের গলার কাঁটা। সহকর্মীরা ষড়যন্ত্র শুরু করে তার বিরুদ্ধে। নানা ভয়ভীতি দেখানো শুরু করে। তবে তাতে দমে না গিয়ে প্রতারণা আর দুর্নীতির বিরুদ্ধে একাই লড়ার সিদ্ধান্ত নেয় ফজলু।