
রায়হান রাফীর ‘পরাণ’ সিনেমায় প্রথম জুটি বেঁধেছিলেন শরিফুল রাজ ও বিদ্যা সিনহা মিম। সিনেমার ব্যবসায়িক সাফল্যের পাশাপাশি প্রশংসিত হয় রাজ-মিম জুটির রসায়ন। এরপর একই নির্মাতার ‘দামাল’ সিনেমাতেও দেখা যায় তাঁদের। ওই সময় অনেক নির্মাতা তাঁদের নিয়ে কাজ করতে আগ্রহী হয়ে ওঠেন। তবে এই জুটির পথে বাধা হয়ে দাঁড়ান শরিফুল রাজের তৎকালীন স্ত্রী চিত্রনায়িকা পরীমণি।
পরাণ সিনেমা মুক্তির সময় থেকে পর্দার বাইরেও রাজ-মিমের ভালো সম্পর্ক গড়ে ওঠে। সিয়াম আহমেদের সঙ্গে মিলে রাজ ও মিম দামাল সিনেমার স্বত্বও কিনে নেন। এটাই কাল হয়ে দাঁড়ায় এই জুটির জন্য। রাজ-মিমের ‘ঘনিষ্ঠতা’ মেনে নিতে পারেননি পরীমণি। সোশ্যাল মিডিয়ায় তিনি দাবি করেন, রাজের সঙ্গে মিমের ঘনিষ্ঠতা তাঁর সংসারে সমস্যা সৃষ্টি করছে। মিমকে নিয়ে নানা কটূক্তিও করেন পরী। এর পরিপ্রেক্ষিতে রাজের সঙ্গে আর সিনেমা না করার ঘোষণা দেন মিম। ফলে দুই সিনেমার পর ভেঙে যায় রাজ-মিম জুটি।
সময় বদলেছে, বদলেছে পরিস্থিতি। রাজের সঙ্গে পরীর সংসার ভেঙেছে। মিমের সিদ্ধান্তেও এসেছে পরিবর্তন। তাই পর্দায় আবার একসঙ্গে ফিরছেন তাঁরা। তিন বছরের বেশি সময় পর পরিচালক আলভী আহমেদের হাত ধরে ফিরছে রাজ-মিম জুটি। সরকারি অনুদানে নির্মিত ‘জীবন অপেরা’ সিনেমায় অভিনয় করবেন তাঁরা। বিষয়টি আজকের পত্রিকাকে নিশ্চিত করেছেন নির্মাতা আলভী আহমেদ।