
বিশ্বের জনপ্রিয় কৃত্রিম বুদ্ধিমত্তাভিত্তিক (এআই) অ্যাপগুলোর মধ্যে উল্লেখযোগ্য ক্যারেক্টার ডট এআই। এটি ব্যবহারকারীদের সেলিব্রিটি ও কাল্পনিক চরিত্রের কাস্টমাইজড চ্যাটবটের সঙ্গে টেক্সট ও কথোপকথনের মাধ্যমে যোগাযোগের সুযোগ দেয়। অ্যাপটি ব্যবহারকারীর সংখ্যা ১০ লক্ষাধিক, যাদের মধ্যে অনেকেই কিশোর বয়সী। এই চ্যাটবটগুলো বন্ধুভাবাপন্ন এবং মজার হলেও তারা সহজেই এমন অনুপযুক্ত বিষয়বস্তু নিয়ে আলাপ শুরু করতে পারে, যা শিশু-কিশোরদের জন্য নিরাপদ নয়। এমনই এক তদন্ত প্রতিবেদন প্রকাশ করেছে যুক্তরাষ্ট্রভিত্তিক দুটি অনলাইন নিরাপত্তাবিষয়ক সংস্থা প্যারেন্টস টুগেদার অ্যাকশন ও হিট ইনেশিয়েটিভ।
টিমোথি শালামে, চ্যাপেল রোন ও প্যাট্রিক মাহোমসের নামে তৈরি এআইভিত্তিক চ্যাটবট শিশু-কিশোরদের সঙ্গে যৌন, মাদক ও আত্মহত্যাসংক্রান্ত অনুপযুক্ত আলাপ করেছে বলে অভিযোগ উঠেছে। এই চ্যাটবটগুলো টেক্সটের মাধ্যমে এবং কৃত্রিম বুদ্ধিমত্তা দ্বারা তৈরি কণ্ঠ ব্যবহার করে, যেগুলো তারকাদের মতো শোনানোর জন্য প্রশিক্ষিত ছিল।
এসব সেলিব্রিটি চ্যাটবট ক্যারেক্টার এআই অ্যাপের ব্যবহারকারীরা তৈরি করেছে, যে অ্যাপ যে কেউ সহজেই কাস্টম চ্যাটবট তৈরি করতে, কৃত্রিম কণ্ঠ যোগ করতে এবং সেগুলো অন্যদের ব্যবহারের জন্য উন্মোচনের সুবিধা দেয়।
নিরাপত্তাবিষয়ক সংস্থা দুটি জানিয়েছে, ক্যারেক্টার ডট এআই অ্যাপে ১৩ থেকে ১৫ বছর বয়সী ব্যবহারকারীদের অ্যাকাউন্ট থেকে মোট ৫০টি চ্যাটবট পরীক্ষা করা হয়। পরীক্ষার ফলাফলে দেখা যায়, গড়ে প্রতি পাঁচ মিনিটে একটি করে অনুপযুক্ত বার্তা এসেছে। কখনো ব্যবহারকারীরা চ্যাটবটকে পরীক্ষা করার জন্য কথাবার্তা অনুপযুক্ত পর্যায়ে নিয়ে গেছে, আবার কখনো চ্যাটবটই অপ্রত্যাশিতভাবে যৌন ইঙ্গিতপূর্ণ বার্তা দিয়েছে।
এই চ্যাটবটগুলোতে শুধু পাঠ্য নয়, বরং সংশ্লিষ্ট তারকাদের কণ্ঠস্বর নকল করে তৈরি কণ্ঠেও বার্তা পাঠানো হয়েছে। অথচ ক্যারেক্টারের নিয়ম অনুযায়ী, ব্যবহারকারীদের পরিচিত ব্যক্তির নাম, চেহারা বা কণ্ঠ অনুমতি ছাড়া ব্যবহার করার সুযোগ নেই।
ক্যারেক্টার ডট এআই দাবি করেছে, সংশ্লিষ্ট তিনটি চ্যাটবট তাদের প্ল্যাটফর্মে ব্যবহারকারীরা নিজেরাই তৈরি করেছে এবং অভিযোগ ওঠার পর তা সরিয়ে ফেলা হয়েছে।
তবে এখন পর্যন্ত অভিনেতা টিমোথি শালামে ও গায়িকা চ্যাপেল রোন এ বিষয়ে কোনো মন্তব্য করেননি। ফুটবল তারকা প্যাট্রিক মাহোমসের পক্ষ থেকে মন্তব্য করতে অস্বীকৃতি জানানো হয়েছে।